সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ১১:৪৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

খেলা ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৬:২৮ পিএম

1717

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয় তুলে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্দান্ত বোলিং ও দলীয় পারফরম্যান্সে সফরকারী পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দেশের মাটিতে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জয়ের জন্য ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায়। ফলে ১০৪ রানের দাপুটে জয় পায় স্বাগতিকরা।

বাংলাদেশের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তরুণ পেসার নাহিদ রানা। তার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ চাপে পড়ে যায়। পুরো ম্যাচজুড়েই বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ক্রিকেট উপহার দেয়।

এই জয়ের মাধ্যমে দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় আসে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। সেই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এবার মিরপুরে জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় নিশ্চিত করলো বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, জাতীয় দলের এই অর্জন দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি দলের সবার প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য কামনা করেন।

ক্রিকেটপ্রেমীদের মতে, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আত্মবিশ্বাস ও সক্ষমতার বড় প্রমাণ। দেশের ক্রিকেট ইতিহাসে মিরপুর টেস্টের এই জয় স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Link copied!