প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:৫৪ পিএম
1699
২৫ মে ২০২৬, ০৪:৩৭ এএম
ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, নগরীতে জুলাই-আগস্ট আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সোমবার (১৮ মে) চট্টগ্রামের টাইগারপাসে চসিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, তিনি কখনোই জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেননি এবং ভবিষ্যতেও দেবেন না। তার দাবি, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ নিয়মিতভাবে নগরীর দেয়াল ও পিলার থেকে পোস্টার-ব্যানার অপসারণ ও রং করার কাজ করে থাকে। অনেক স্থানে যেগুলো রং করা হয়েছে, সেখানে মূলত পোস্টার দিয়ে ঢাকা ছিল এবং কোনো দৃশ্যমান গ্রাফিতি ছিল না।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের চেতনার বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি নিজেও দীর্ঘদিন রাজপথে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন।
গ্রাফিতি বিষয়ে তিনি বলেন, কেউ চাইলে আর্ট কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে শৈল্পিক ও মানসম্মত গ্রাফিতি আঁকার উদ্যোগ নিতে পারে। এ ধরনের উদ্যোগে তিনি ব্যক্তিগতভাবে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
আন্দোলনে আহতদের সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময় তিনি নিজ উদ্যোগে আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দিয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করানোর ব্যবস্থা করেছেন।
এনসিপির সাম্প্রতিক বক্তব্য ও কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে মেয়র বলেন, নির্বাচন সামনে রেখে একটি মহল রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
নিজের মেয়াদের বিষয়ে তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি বৈধ মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমান আইন অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকবে। তবে তিনি দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানান।