প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:১৯ পিএম
1702
২৫ মে ২০২৬, ০৪:৩৭ এএম
বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিনদিন আরও প্রকট আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ মে) সচিবালয়ে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার জর্জ এল মেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিশেষ করে রাজধানী ঢাকায় পানি সংকট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি ঢাকার নদীগুলো—বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা—পরিশোধন ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো নিরাপদ ও সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সাক্ষাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
ইউনিসেফ প্রতিনিধি দল বাংলাদেশের পানি ও স্যানিটেশন খাতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে টেকসই উন্নয়নে পাশে থাকার আশাবাদ জানান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।