প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৭:২৫ পিএম
1707
২৫ মে ২০২৬, ০৪:৩৭ এএম
নড়াইলে মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান ও ট্রলির (থ্রি-হুইলার যান) মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল ইসলাম (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), মো. আকাশ (১৮) এবং আকাশ খান (২১)।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখে দুটি ট্রলি দ্রুত গতিতে প্রতিযোগিতা করে যাচ্ছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী একটি মুরগি বহনকারী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, আহত চারজনের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।