প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:২০ পিএম
1704
২৫ মে ২০২৬, ০৫:২৯ এএম
মো. রাফি হুসাইন
রাজধানীর লালবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে গুলিবিদ্ধ হওয়া মো. রাফি হুসাইন (২৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৪ মে রাতে লালবাগ থানার শহীদ নগর ৩ নম্বর গলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত রাফিকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সার্জারি ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে। রাফির ভগিনীপতি আব্দুস সাত্তার জানান, রাফি অনলাইনে কাপড়ের ব্যবসা করতেন। পাশাপাশি নিজের বাড়ির ভাড়া থেকে পরিবারের খরচ চালাতেন।
তিনি বলেন, ঘটনার দিন একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টুসহ কয়েকজন রাফির কাছে ‘শাহিন’ নামে এক ব্যক্তির অবস্থান জানতে চান। কিন্তু রাফি কোনো তথ্য দিতে না পারায় প্রথমে তাকে মারধর করা হয়। পরে হামলাকারীরা তার পাঁজরে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, রাফির বাড়ি লালবাগের শহীদ নগর আরএনডি রোড এলাকার ২০/১ নম্বর বাসায়। তিনি তাজউদ্দিনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত ১৪ মে রাতে গুলিবিদ্ধ অবস্থায় রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পরে লালবাগ থানা পুলিশ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।