সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৫:৫০ এএম

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১২:৩৫ পিএম

1696

রাজধানীর ধানমন্ডি ও শেরে বাংলা নগর থানা এলাকায় পৃথক ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে দেশের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এবং জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্র জানায়, শুক্রবার ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।

অন্যদিকে, ধানমন্ডি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ নম্বর এলাকার আশপাশে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বড় ধরনের ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হচ্ছেন। এই খবরের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মুরাদসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করে।

ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মুরাদ (৪৮), মো. আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোস্তাক বিশ্বাস (২২), রনি (১৯), জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), সিয়াম হোসেন (১৯), তারিক জামিল (১৯), রাজু (১৯), বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), তামিম মোল্লা (১৮), শিমুল ব্যাপারী (১৮), আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ থান (৩০)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Link copied!