সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৫:২১ এএম

টাঙ্গাইলের বাসাইলে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

1694

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। আজ রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তিন কিশোরই মোটরসাইকেলের আরোহী এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। নিহতরা হলো—বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। ঈদের আনন্দের মাঝে একই গ্রামের তিন কিশোর বন্ধুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার এই সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি কাশিল ইউনিয়নের বাংড়া কালিমন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তাকবির মিয়ার নির্মম মৃত্যু হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সায়মনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে সে-ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, "সকালে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই, একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং দুপুরে ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘাতক অটোরিকশাটি জব্দ করার প্রক্রিয়া চলছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।" এই ঘটনায় বাসাইল থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!