প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:০২ পিএম
1697
২৫ মে ২০২৬, ০৫:২১ এএম
বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এক মর্মান্তিক ঘটনায় এক ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নে বগুড়া-নাটোর মহাসড়কের শালিখা নামক স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বাগেরহাট জেলার ভজন খালি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে তামাকবাহী ট্রাকের চালক শহিদুল হাওলাদার (২৯) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাহাতাব আলীর ছেলে পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা (৭৩)। একই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঈদের ছুটির আগে মহাসড়কে পণ্যবাহী গাড়ির বাড়তি চাপের মধ্যে এই দুর্ঘটনা ঘটল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত শেষ রাতে রংপুর থেকে তামাক বোঝাই করে একটি ট্রাক দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে কুষ্টিয়া থেকে পেঁয়াজ বোঝাই অন্য একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে আসছিল। পণ্যবাহী ট্রাক দুটি শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি তীব্র সংঘর্ষ ঘটে। এতে দুটি ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তামাকবাহী ট্রাকের চালক শহিদুল হাওলাদার এবং পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা কেবিনের ভেতরে পিষ্ট হয়ে মারা যান। গভীর রাতে বিকট শব্দে দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুন্দার হাইওয়ে পুলিশ এবং শাজাহানপুর থানা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ট্রাকের বডি কেটে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেই সাথে দুর্ঘটনাকবলিত বড় ট্রাক দুটিকে ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কুন্দার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ট্রাক চালক শহিদুলের মরদেহের আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিহত ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লার মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে হাইওয়ে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।