প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:২৬ পিএম
1693
২৫ মে ২০২৬, ০৫:২০ এএম
সারাদেশে চলমান তীব্র দাবদাহের মাঝেই ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়ার কারণে এই সব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রবিবার (২৪ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আজ রবিবার রাত ১টার মধ্যে দেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আকস্মিক ঝড়ের কারণে নদী উত্তাল থাকার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (সতর্ক সংকেত) প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আজ সকালে দেওয়া আবহাওয়ার অপর এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামীকাল সোমবার (২৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তর ও পূর্বাঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, যা চলমান গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।
তবে ঝড়-বৃষ্টির এই পূর্বাভাস থাকলেও দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে এখনো তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আবহাওয়া বুলেটিনে উল্লেখ করা হয়েছে।