সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৫:২০ এএম

 ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে দৌলতপুরের দুই ইউপি সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

1693

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের (ভার্নারেবল গ্রুপ ফিডিং) চাল আত্মসাতের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে পুলিশি পাহারায় মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামশ্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক (৬৫) ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মানিয়ার (৬২)। এই জনপ্রতিনিধিদের এমন চুরির ঘটনায় স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৌলতপুর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ৮ নম্বর ধামশ্বর ইউনিয়নে মোট ১ হাজার ৭৮৮ জন দুস্থ ও কার্ডধারী পরিবারের জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দকৃত চাল সুষম বণ্টন না করে তার মধ্য থেকে ৫০ বস্তা সরকারি চাল (যার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ২ হাজার ৫০০ কেজি) কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ধামশ্বর ইউনিয়নের রাথুরা গ্রামের জাহানারা বেগম নামের এক নারীর বাড়িতে অবৈধভাবে মজুত রাখা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পায় প্রশাসন। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক জাহানারা বেগম পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানান, গত ২১ মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একজন স্থানীয় চাল ব্যবসায়ীর সহযোগিতায় ইউপি সদস্য আয়নাল হক ও মানিয়ার তাঁর বাড়িতে এসে জোরপূর্বক এই ৫০ বস্তা সরকারি চাল রেখে যান। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সুযোগ বুঝে সেগুলো কালোবাজারে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবেন বলেও তাঁরা জানিয়েছিলেন।

এই সরকারি চাল চুরির ঘটনায় দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মহসিন-উল-হাসান বাদী হয়ে অভিযুক্ত দুই ইউপি সদস্যের বিরুদ্ধে দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, "দরিদ্র ও দুস্থ মানুষের সরকারি বরাদ্দের চাল আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে ধামশ্বর ইউনিয়নের দুই ইউপি সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।"

Link copied!