শনিবার ২৮, মার্চ ২০২৬

শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --

র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

13

মো. আহসান হাবীব পলাশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৮ মার্চ) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালনরত আহসান হাবীব পলাশকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএসের ১৫তম ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশে দায়িত্ব পালন।

এছাড়াও তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। পদোন্নতির ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত দক্ষতা ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ অর্জন করেন।

শিক্ষাজীবনে আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

Link copied!