প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম
1690
১৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম
আজ ২২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
এই দিবসের সূচনা হয় ১৯৭০ সালে। এরপর থেকে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “পৃথিবী বনাম প্লাস্টিক”, যার মাধ্যমে প্লাস্টিক দূষণের ভয়াবহ প্রভাব তুলে ধরা হচ্ছে। পরিবেশবিদদের মতে, প্লাস্টিক বর্জ্য বর্তমানে বৈশ্বিক পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে প্রতি বছর প্রায় ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ যথাযথভাবে ব্যবস্থাপনা না হয়ে খোলা জায়গায় ফেলে দেওয়া হয়—যেমন রাস্তার পাশে, নদীর তীরে বা উন্মুক্ত ডাম্পিং স্থানে। অনেক ক্ষেত্রে এসব বর্জ্য পোড়ানো হয়, যা বায়ুদূষণকে আরও তীব্র করে তোলে।
বিশেষ করে রাজধানী ঢাকা এবং এর আশপাশের নদ-নদী ও খালগুলোতে প্লাস্টিক বর্জ্যের কারণে জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সতর্ক করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং “ধরিত্রী রক্ষায় আমরা” নামে একটি সংগঠনের উদ্যোগে স্বোপার্জিত স্বাধীনতা চত্বর এলাকায় পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মূকাভিনয় ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
পরিবেশকর্মীরা মনে করেন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।