বুধবার ১৫, এপ্রিল ২০২৬

বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --

ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

142

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা।

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জিবিজি সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সালেহা ইউসুফজাই গভর্নমেন্ট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাইল গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়, পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজ, ধলাপাড়া চন্দন উচ্চ বিদ্যালয় এবং এমকে ডিএমআর উচ্চ বিদ্যালয়সহ আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

মেলায় মোট ২৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করছে। বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করাই এ মেলার মূল লক্ষ্য।

Link copied!