শনিবার ৩০, মে ২০২৬

৩০ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

ঘাটাইলে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

1728

মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আনন্দ ও সম্প্রীতির আবহ আরও জোরদার করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার খরাবর মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খরাবর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক মো. মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ খালিদ সামস। তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ মো. মফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী রুহুল আমীন খোকন প্রতিষ্ঠিত ‘বাউলিয়ান শিল্প গোষ্ঠী’ সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা উৎসবের আনন্দ উপভোগ করেন।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Link copied!