শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০২:১৪ এএম

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির–ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

1865

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত পলিটেকনিক ক্যাম্পাসে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, “গুপ্ত শিবির” বলাকে কেন্দ্র করে বিকেলে এক শিক্ষার্থীকে কয়েকজন থাপ্পড় দেন। পরে ওই ঘটনার বিচার দাবিতে সন্ধ্যায় ছাত্রশিবিরের নেতারা অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে অধ্যক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। তবে তাৎক্ষণিক বিচার দাবি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরই মধ্যে খবর পেয়ে ছাত্রদলের কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
তবে ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেছেন, ক্যাম্পাসে তাদের কোনো কমিটি নেই। তারা বলেন, এটি মূলত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কর্মী ইমন আহমেদ বলেন, বিকেলে এক শিক্ষার্থীকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রদলের কোনো কমিটি নেই বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ অভিযোগ করেন, একটি কর্মসূচিকে কেন্দ্র করে তাদের কর্মীকে মারধর করা হয়। পরে তারা অধ্যক্ষের কাছে বিচার চাইতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, এ ঘটনায় তাদের কয়েকজন নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজারুল ইসলাম বলেন, বিকেলে একজন শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে কমিটি কাজ শুরু করার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Link copied!