প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
1694
১৪ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি পৃথক মানহানি মামলায় আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন। আজ রোববার (১৪ জুন) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার উভয় পক্ষের দীর্ঘ জামিন আবেদন শুনানি শেষে তাঁর এই স্থায়ী জামিন মঞ্জুর করেন।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, এই মামলা দুটিতে এর আগে মুফতি আমির হামজা উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে বিশেষ শর্তে আগাম জামিন লাভ করেছিলেন। হাইকোর্টের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে আজ তিনি সিরাজগঞ্জ নিম্ন আদালতে সশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণপূর্বক স্থায়ী জামিনের জন্য বিধি মোতাবেক আবেদন করেন। বিজ্ঞ আদালত তাঁর আবেদনটি আমলে নিয়ে স্থায়ী জামিনের আদেশ প্রদান করেন।
আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সিরাজগঞ্জ আদালত চত্বরে উপস্থিত হন। একজন বর্তমান সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, দেশের বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে একটি জনসভায় আপত্তিকর মন্তব্য ও ‘কটূক্তি’ করার গুরুতর অভিযোগ ওঠে মুফতি আমির হামজার বিরুদ্ধে। এই ঘটনার জেরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির কর্ণেল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে আমির হামজার বিরুদ্ধে পৃথক দুটি মানহানির মামলা দায়ের করেছিলেন।
পূর্বনির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় এর আগে বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি সহ পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা (ডব্লিউএ) জারি করেছিলেন। এরপরও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালত তার বিরুদ্ধে জাতীয় দৈনিক পত্রিকায় হুলিয়া বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছিলেন। অবশেষে আজ আদালতে আত্মসমর্পণের মাধ্যমে তিনি আইনি প্রক্রিয়ায় স্থায়ী জামিন লাভ করলেন।