প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
1684
০১ মে ২০২৬, ০৯:৪৩ এএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ এবং অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের কাজিপাড়া জাবরী এলাকার তালেবের মেয়ে জেসমিন বেগম এবং একই ইউনিয়নের চৈতন্যপুর এলাকার মৃত সেতাউর রহমানের ছেলে মৃদুল ইসলাম। পুলিশ জানিয়েছে, জেসমিন বেগম একটি ট্রেডার্স প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন এবং মৃদুল ইসলাম সেখানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ জানান, অভিযুক্তরা খাদ্যবান্ধব কর্মসূচির মতো ভুয়া কার্ড তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তাদের কোনো বৈধ লাইসেন্স বা নিবন্ধন পাওয়া যায়নি। পরে জেলা প্রশাসনের নির্দেশে থানায় মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুয়া কার্ড ব্যবহার করে নিম্নমানের চাল বিতরণ ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক তদন্তে জেসমিন বেগমকে চক্রটির মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড, সরকারি ঘর এবং ভাতা দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী, তারা বিভিন্ন সুবিধার নামে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত নিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।