প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:১৭ পিএম
1698
১৪ মে ২০২৬, ০৯:১৬ পিএম
নৌপথে পবিত্র ঈদুল আজহার ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে নৌ নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা
মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে নৌপথ এখনো দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে নৌদুর্ঘটনা এখনো বড় একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, নৌযান মালিক, শ্রমিক ও যাত্রী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, নৌযানের ফিটনেস নিশ্চিত করা, চালকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং নৌপথ চিহ্নিতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি নৌপথে নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
সরকারের লক্ষ্য প্রতিটি নৌযাত্রা নিরাপদ করা উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম-নীতি কঠোরভাবে মানতে হবে। অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে হবে এবং প্রতিটি নৌযানে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলকভাবে থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে পারলে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। ঈদযাত্রাকে সামনে রেখে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌপরিবহন সচিব জাকারিয়া জানান, সারাদেশে নৌযান শুমারির মাধ্যমে বিপুল সংখ্যক অনিবন্ধিত নৌযান শনাক্ত করা হয়েছে। এগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের এ উদ্যোগকে কেন্দ্র করে আসন্ন ঈদযাত্রায় নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।