বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম

 ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রাজধানী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৬, ১০:৪৪ এএম

1697

বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।

সকাল ৮টা ৫০ মিনিটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৫। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে বাতাসের মানের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৫৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। এই দুই শহরের বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিকে চীনের চেংডু শহরের স্কোর ১৩৭ এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৩০। এই দুই শহরের বাতাস সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়েছে।

দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ৯৯ থেকে ১২১-এর মধ্যে রয়েছে বলে জানিয়েছে আইকিউএয়ার।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্তদের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে দীর্ঘ সময় অবস্থান না করতেও বলা হয়েছে।

Link copied!