প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
1698
১৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অর্থায়ন ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা চলছে।
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি সম্ভাব্য প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটও রয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। এখন মূলত অর্থায়নের বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করা হচ্ছে।
ঈদযাত্রা সামনে রেখে নৌপথে নিরাপত্তা জোরদারের বিষয়েও কথা বলেন সেতুমন্ত্রী। তিনি জানান, সম্প্রতি আরিচা ঘাট এলাকায় একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গাড়ির ব্রেকে ত্রুটির বিষয় উঠে এসেছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে এবার ফেরিতে গাড়ি ওঠানামায় নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, ফেরি সম্পূর্ণ খালি হওয়ার আগে যাতে নতুন কোনো যানবাহন প্রবেশ করতে না পারে, সেজন্য ব্যারিকেড ব্যবস্থা চালু করা হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সদরঘাট এলাকায় স্পিডবোট ও লঞ্চ চলাচলেও নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না। তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এজন্য নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে প্রায় দেড় কোটির বেশি মানুষের যাতায়াত এবং বিপুল সংখ্যক কোরবানির পশু পরিবহন বড় চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে যাত্রী ভোগান্তি ও দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।