বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

তীব্র পানির সংকট, ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪৯ এএম

1692

রাজধানীর ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১১ মে) রাতে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী জনগণের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, পানির তীব্র সংকট এবং দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাবের বিষয় তুলে ধরেন।

এলাকাবাসী জানান, পানির অভাবে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার নিয়মিত গোসল, রান্না ও পানীয় জলের মতো মৌলিক প্রয়োজনও ঠিকমতো পূরণ করতে পারছে না। বিশেষ করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের একাংশের দাবি, কোনো স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ভুক্তভোগীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকবেন এবং পানি সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান তিনি। তার মতে, সরকারের সংশ্লিষ্ট মহল আন্তরিকভাবে উদ্যোগ নিলে দ্রুত এ সংকট সমাধান সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এছাড়া মনিপুর ও আশপাশ এলাকার বিভিন্ন বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দও সভায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লী বাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিনসহ আরও অনেকে।

Link copied!