বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৭:০৮ পিএম

বিকাশ-নগদে টাকা নিয়ে উধাও: টিকিট প্রতারণা ঠেকাতে রেলওয়ের কঠোর সতর্কতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১০:৫৫ এএম

1691

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট কেনাবেচায় প্রতারণা বেড়ে যাওয়ার আশঙ্কায় যাত্রীদের সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া টিকিট বিক্রির ফাঁদে না পড়তে এবং শুধুমাত্র সরকারি অ্যাপ ব্যবহার করে টিকিট কেনার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই কিছু অসাধু চক্র যাত্রীদের প্রতারণার চেষ্টা করছে। তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের টিকিট নিশ্চিত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা নিচ্ছে। পরে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ করে ফেলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ঈদযাত্রার সব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। শুধুমাত্র সরকারি নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করেই টিকিট সংগ্রহ করা যাবে। এর বাইরে অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অনলাইন পেজ থেকে টিকিট কেনার সুযোগ নেই। ফলে বিকল্প কোনো মাধ্যমে টিকিট কিনতে গেলে প্রতারণার ঝুঁকি থেকে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন নিবন্ধিত ব্যবহারকারী একটি আইডি দিয়ে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটার সময় সহযাত্রীদের নামও যুক্ত করতে হবে। এছাড়া ভ্রমণের সময় যিনি টিকিট কিনেছেন, তাকে অবশ্যই নিজের মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। টিকিটে উল্লেখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে জানায়, কেউ যদি টিকিট সংগ্রহ করে দেওয়ার নামে অর্থ দাবি করে অথবা অন্যের আইডি ব্যবহার করে কেনা টিকিট বিক্রির চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে। এ ক্ষেত্রে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি পুলিশের সহায়তা নেওয়া যাবে। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে ফোন করেও অভিযোগ করা যাবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঈদযাত্রাকে নিরাপদ ও হয়রানিমুক্ত রাখতে যাত্রীদের সচেতন থাকার পাশাপাশি শুধুমাত্র সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেলওয়ে।

Link copied!