বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৭:০৮ পিএম

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:১৯ পিএম

1695

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের যেন সমাজ ও রাষ্ট্রের সব ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ থাকে, সে জন্য বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি সব ধরনের স্থাপনায় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে। হাসপাতাল, রেস্টুরেন্ট, অফিসসহ বিভিন্ন ভবনে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সহজ যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে টয়লেট ও প্রবেশপথ এমনভাবে নির্মাণের নির্দেশ দেওয়া হয়, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন।

সভায় নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের উপযোগী সুবিধা যুক্ত করার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ও প্রচারণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

এ সময় দেশের বিভিন্ন স্থানে পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া শিশু-কিশোরদের জনপ্রিয় ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাথমিকভাবে দেশের ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি প্রকল্প চালু করা হবে। দ্রুত সময়ের মধ্যে এই কার্যক্রম শুরু করার কথাও জানানো হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বর্তমান সমস্যা, সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। তারা শিক্ষা, চিকিৎসা, চলাচল ও পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

সভায় স্থানীয় সরকার, স্বাস্থ্য, সমাজকল্যাণ, তথ্য ও সম্প্রচার, পরিকল্পনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!