বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

চাঁদপুরে ভয়াবহ আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব ১১ পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

1698

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ২০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো এলাকা লেলিহান শিখায় পরিণত হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ২০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুন প্রথমে দেলোয়ার হোসেনের ঘর থেকে শুরু হয়ে আশপাশের অন্যান্য ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দেলোয়ার হোসেনসহ প্রতিবেশী মোকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইয়ুব আলী, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেনসহ মোট ১১ পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সুমি বেগম বলেন, রান্না শেষ করে গোসল করতে গেলে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

অন্যদিকে ইমরান হোসেন জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম বলেন, দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো সম্পদ উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত সরকারি ও স্থানীয় সহায়তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

Link copied!