প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম
18
শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গতপরশু সকালে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সেদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই টুর্নামেন্টে খেলতে ক্রিকেটারদের ছাড়পত্র নিশ্চিত করল বিসিবি। সব মিলিয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার দল পেয়েছেন। ওই চার ক্রিকেটার ছাড়াও থাকছেন তানজিদ হাসান ও রিশাদ হোসেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাতের কারণে সৃষ্ট অস্থিরতা থেকে মূলত কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক বলেছিলেন, নিরাপত্তা শঙ্কা থাকলে ক্রিকেটারদেরকে পাঠানো হবে না পাকিস্তানে। তবে সোমবার সকালেই সামাজিক মাধ্যমে মুস্তাফিজ-শরিফুলদের ঢাকা ছাড়ার ছবি থেকে নিশ্চিত হয়ে যায়, এই টুর্নামেন্টে খেলার অনুমতি পেয়েছেন তারা। রাতে বিসিবি জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবিড় সমন্বয় বজায় রেখেছে বিসিবি। আলোচনার পর এটি নিশ্চিত করা হয়েছে যে, এই প্রতিযোগিতায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করার জন্য ক্রিকেটারদের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে কোনো উদ্বেগ নেই। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। এই আশ্বাসের ভিত্তিতেই ক্রিকেটাররা টুর্নামেন্টের জন্য পাকিস্তানে গেছেন। বিসিবি আবারও জানাচ্ছে যে, ক্রিকেটারদের সুস্থতাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখবে বোর্ড।’
নিলামের আগেই সরাসরি চুক্তিতে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স। নিলামে এই দলই ৬০ লাখ রুপিতে নেয় পারভেজকে। পেশাওয়ার জালমি ৬০ লাখ রুপিতে দলে পায় নাহিদকে। নতুন দল রাওয়ালপিন্ডি তিন কোটি রুপিতে দলে নেয় রিশাদকে। এরপর সরাসরি চুক্তিতে শরিফুল ও তানজিদকে নেয় জালমি। এবারই প্রথম ৮ দল নিয়ে হতে যাচ্ছে পিএসএল। প্রথমবারের মতো নিলামও হয়েছে এবার। তবে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও যুদ্ধের কারণে শেষ পর্যন্ত ¯্রফে করাচি ও লাহোরে হবে গোটা আসর। টুর্নামেন্ট শুরু আগামীকাল।