শনিবার ২৮, মার্চ ২০২৬

শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --

কাশিয়ানীতে স্কুলের জমি দখল করে দেয়াল নির্মাণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

6

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সম্প্রীতি বিদ্যানিকেতন’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত এলাকায় এই ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


সরেজমিনে জানা গেছে, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ‘সোসাইটি ফর পিস এন্ড ডেভেলপমেন্ট (সম্প্রতি)’ নামক এনজিওর জমিতে বর্তমানে ‘সম্প্রীতি বিদ্যানিকেতন’ স্কুলটি পরিচালিত হচ্ছে। যেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬২ জন শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী আজাদ খান বিদ্যালয়ের প্রায় ৭ শতাংশ জমি দখল করে সেখানে দেয়াল নির্মাণ করছেন। এতে বিদ্যালয়ের কক্ষে আলো-বাতাস প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে।
 

জমিটি নিয়ে আদালতে বর্তমানে মামলা বিচারাধীন রয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. কামাল হোসেন ইনকিলাবকে জানান, আদালতের মামলা উপেক্ষা করে ঈদের ছুটির সুযোগে দখলকারীরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। অফিস খোলার পর আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


তবে অভিযুক্ত আজাদ খান জমি দখলের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি তার নিজস্ব জমিতেই কাজ করছেন এবং তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। বিষয়টি নিয়ে আগামী শুক্রবার স্থানীয়ভাবে বসার কথা রয়েছে বলে তিনি জানান।


বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

Link copied!