প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম
3
শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --
তানিয়া বৃষ্টি
ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎই কঠিন স্বাস্থ্য সংকটে পড়েন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি জীবন-মৃত্যুর ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে গেছেন। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মস্তিষ্কে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার করান তানিয়া। ২০ ফেব্রুয়ারি বাসায় ফিরলেও শারীরিক জটিলতা পুরোপুরি কাটেনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হয়।
রোববার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ সংক্ষিপ্ত এই বার্তাতেই সাম্প্রতিক সময়ের কঠিন অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ সময় চেন্নাইয়ে অবস্থানরত নির্মাতা চয়নিকা চৌধুরী হাসপাতালে গিয়ে তানিয়ার সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
ফেসবুকে চয়নিকা জানান, তানিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়েছেন তিনি। তাকে আগের চেয়ে অনেক নরম ও আবেগপ্রবণ লাগলেও দেখতে ভালোই লেগেছে বলে উল্লেখ করেন এই নির্মাতা। তানিয়ার পাশে তার বোন রয়েছেন বলেও জানান তিনি এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
চিকিৎসা সংক্রান্ত আপডেটে চয়নিকা বলেন, ৯ মার্চ চেন্নাইয়ে যাওয়ার পর তানিয়ার অস্ত্রোপচার হয়। এরপর কিছুদিন লাইফ সাপোর্ট ও আইসিইউতে থাকার পর শনিবার তাকে কেবিনে নেওয়া হয়। রোববার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। আগামী মাসের ১০ তারিখে পুনরায় চেকআপের জন্য চেন্নাইয়ে যেতে হবে।
বর্তমানে তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তাকে কঠোর নিয়ম মেনে চলতে হচ্ছে এবং কোনো ধরনের মানসিক চাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।