প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৯:১৩ এএম
24
শনিবার ২৮, মার্চ ২০২৬ -- : -- --
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতির ইতিহাসের অন্যতম গৌরবময় এই দিনে তারা বীর শহীদদের স্মরণ করেন গভীর মর্যাদা ও সম্মানের সঙ্গে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে।
পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী রাজধানীতে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।
এছাড়া স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি দেশবাসী ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন, যেদিনের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।
প্রধানমন্ত্রী তার বাণীতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা নারী ও স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।