শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম

ক্যাম্পাসে শান্ত থাকার আহ্বান ঢাবি প্রশাসনের, গঠন দুই তদন্ত কমিটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

1686

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি ঘিরে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাগুলো তদন্তে পৃথক দুটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর কথিত অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক মো. আনোয়ার হোসেনকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ এবং সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর মো. মোসাদ্দেক খানকে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটি ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তদন্তে আরও একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর শান্টু বড়ুয়া। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় হলগুলোর শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় দেয়াললিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, পরিস্থিতি উত্তপ্ত না করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলোর সমাধান করা হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের মতে, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সম্ভব এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।

Link copied!