প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
1685
০১ মে ২০২৬, ০৭:৩৪ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৩১টি বিষয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে সরকারি ৩৭৫টি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন।
তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোতে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।
উপাচার্য জানান, নির্ধারিত ১৩৮টি কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ১৮টি কেন্দ্র। এছাড়া ঢাকা বিভাগে ২৭টি, বরিশালে ১৩টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি এবং সিলেটে ৯টি কেন্দ্র রাখা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট শূন্যে নামিয়ে আনতে বিশেষ রোডম্যাপ বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৭ সালের মধ্যে সেশনজট দূর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
শিক্ষার মান উন্নয়নে স্নাতক পর্যায়ে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রথম বর্ষের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় বর্ষেও ১০০ নম্বরের ‘কমিউনিকেটিভ ইংলিশ’ কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় বর্ষেও ১০০ নম্বরের আইসিটি কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ইউনিসেফের সহায়তায় প্রায় ১২ হাজার আইসিটি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আইসিটি শিক্ষকের ঘাটতি পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।