সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরি নাই: আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

1693

আদ্-দ্বীন হাসপাতালের মিলনায়তনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন

স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই গুরুতর অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

আজ সোমবার (১৫ জুন) বিকেলে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কড়া মন্তব্য করেন।

এর আগে গত শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্তব্য করেছিলেন যে, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে।’ মন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যের বিষয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে ডা. শেখ মহিউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? যদি তিনি এ ধরনের কোনো কথা জনসম্মুখে বলে থাকেন, তাহলে সেটি তাকেই প্রমাণ করতে হবে।’

হাসপাতালের চলমান আইনি সংকট নিয়ে তিনি আরও বলেন যে, আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিলের বিষয়ে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে।

উক্ত সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Link copied!