সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

1694

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে বিদ্যমান সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সাথে বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস করাসহ ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ও উদ্ধার কেন্দ্র স্থাপন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আজ সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির সাথে তাঁর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এই সব সহযোগিতার কথা বলেন।

উক্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারকালে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত ও বহুমুখী সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ ও সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের নতুন নতুন ধরণ এবং দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি প্রতিকারে দুই দেশের যৌথ গবেষণার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি মন্ত্রী মায়ানমার থেকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত লাখ লাখ রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও জোরালো ও কার্যকর কূটনৈতিক সহযোগিতা কামনা করেন।

Link copied!