সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

1694

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন। গত রোববার ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টাকে দুই ঘণ্টা বসিয়ে রাখার এবং যথাযথ কূটনৈতিক চিঠি থাকার পরও তাঁকে একপ্রকার দেশে ফিরে আসতে বাধ্য করার নজিরবিহীন ঘটনার কথা উল্লেখ করে তিনি এই প্রতিবাদ জানান।

আজ সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য।

সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বিষয়টিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর হিসেবে অভিহিত করে মহান সংসদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন যে যথাযথ কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল দেওয়ার পরেও কেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ভারতের বিমানবন্দরে দুই ঘণ্টা অবমাননাকরভাবে বসিয়ে রাখা হলো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেষ পর্যন্ত সরকারের উচ্চ মহলের নির্দেশে তাঁকে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হলেও তিনি চরম অপমানে সেখান থেকে দেশে ফিরে এসেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে আমাদের নিজস্ব কূটনৈতিক কোনো ব্যর্থতা কাজ করেছে কি না এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিনি সরাসরি জানতে চান। একইসঙ্গে এই স্পর্শকাতর ও জাতীয় মর্যাদার বিষয়ে সংসদে ৩০০ বিধিতে সংশ্লিষ্ট পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি স্পষ্ট এবং আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন এই সংসদ সদস্য।

অবশ্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর এই বক্তব্যকে প্রকৃত পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে বলেন যে এটি পয়েন্ট অব অর্ডার না হলেও সম্মানিত সদস্য চাইলে এ বিষয়ে পরে একটি লিখিত নোটিশ দিতে পারেন এবং তখন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

Link copied!