শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৯:৪৩ এএম

উদ্ভূত পরিস্থিতি ‘গুপ্ত রাজনীতি’ ও অশ্লীল ফটোকার্ড কেন্দ্রিক: ছাত্রদল সভাপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

1686

সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতিকে ‘গুপ্ত রাজনীতি’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে সৃষ্ট বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, গতকাল ও আজ ক্যাম্পাসে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করেছে। তার দাবি, সাম্প্রতিক দুটি ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।
তিনি বলেন, এই দুই ইস্যুতে ছাত্রদল গত প্রায় দুই বছর ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা থেকে ছাত্রশিবিরসহ সব পক্ষকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি জানান, ছাত্রদলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না করে এবং কারও উসকানিতে প্রতিক্রিয়া না দেখায়।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাকিব বলেন, মতবিরোধ থাকতে পারে, তবে তা গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ভাষায় প্রকাশ হওয়া উচিত। ব্যক্তিগত আক্রমণ, অশ্লীলতা ও উসকানিমূলক বক্তব্য শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব ছাত্রসংগঠনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ভুলত্রুটি থাকলে সমালোচনা হতে পারে, প্রয়োজনে গণতান্ত্রিক প্রতিক্রিয়াও হতে পারে, কিন্তু অশালীনতা ও সংঘাতের সংস্কৃতি থেকে সরে আসতে হবে।
স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ এবং শিক্ষার পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, সংযম ও সহনশীলতাই বর্তমান পরিস্থিতি মোকাবিলার প্রধান পথ।

Link copied!