শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৩:২২ এএম

শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ : নয়াপল্টনে লাখো নেতাকর্মী সমাগমের প্রস্তুতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

1691

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ নির্মাণ, মাইক স্থাপন ও অন্যান্য আয়োজন শেষ পর্যায়ে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
ঢাকা ও আশপাশের জেলা থেকে শ্রমিক দলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেবেন। সব মিলিয়ে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মো. বদরুল আলম সবুজ বলেন, “সমাবেশ সফল করতে গত ১০–১৫ দিন ধরে প্রস্তুতি চলছে। মঞ্চসহ সব কাজ প্রায় শেষ।”
তিনি আরও জানান, সমাবেশে প্রায় ৫ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।
সমাবেশের দিন ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা রাখা হবে। জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।
এছাড়া সমাবেশে আগতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রাথমিক চিকিৎসা সেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।
নারী শ্রমিকদের জন্য আলাদা অংশ এবং নির্দিষ্ট পোশাক ও প্রতীক ব্যবহার করে সমাবেশকে শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের দাবিতে আন্দোলন করে আসছে।
তিনি অভিযোগ করেন, অতীতে শ্রমিকদের অধিকার সীমিত করা হয়েছে এবং শিল্প খাতে সংকটের কারণে কর্মসংস্থান কমে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্ব বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।
১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।

Link copied!