সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

স্লোগানে আওয়ামী সমর্থকরা, ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

1692

যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহ

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত ডিবেটিং সোসাইটি ‘অক্সফোর্ড ইউনিয়ন’-এ বিশেষ অনুষ্ঠান শেষে বাইরে অপেক্ষমাণ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনবরত স্লোগান, ধাওয়া ও উসকানিমূলক আচরণের মুখে গাড়িতে বসে ‘মিডল ফিঙ্গার’ বা মধ্যমা প্রদর্শন করে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক এবং বর্তমান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। এদিকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হাসনাতের ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শনের এই বিশেষ মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে এবং দেশ-বিদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি ভবনে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ (Student-led Mass Uprising and the Future of Post-Revolution Bangladesh) শীর্ষক এক আন্তর্জাতিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত হাই-প্রোফাইল সেমিনারে মূল আমন্ত্রিত অতিথি ও আন্তর্জাতিক বক্তা হিসেবে অংশ নেন বাংলাদেশের তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে তারা সেখানে বিস্তারিত বক্তব্য রাখছিলেন।

যুক্তরাজ্য প্রবাসী প্রত্যক্ষদর্শীরা জানান, প্যানেল আলোচনা সফলভাবে শেষ করে হাসনাত আবদুল্লাহ ও ভিপি সাদিক কায়েম যখন অক্সফোর্ড ইউনিয়ন ভবন থেকে বের হয়ে বিদায় নিচ্ছিলেন, ঠিক তখনই বাইরে আগে থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থানরত যুক্তরাজ্যের শাখা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের তীব্র তোপের মুখে পড়েন তারা। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহর পথরোধ করার চেষ্টা করেন এবং তাকে উদ্দেশ্য করে নানা অপমানজনক স্লোগান, গালিগালাজ ও চরম উসকানিমূলক আচরণ করতে থাকেন।

যুক্তরাজ্য পুলিশের কঠোর পাহারায় এই চরম উত্তেজনাকর ও বৈরী পরিস্থিতির মুখেই দ্রুত হেঁটে নির্ধারিত গাড়িতে গিয়ে চড়েন হাসনাত আবদুল্লাহ। গাড়িটি যখন বিক্ষোভকারীদের স্লোগান ডিঙিয়ে স্থান ত্যাগ করছিল, ঠিক তখনই গাড়ির ভেতরের সীট থেকে কাচ ভেদ করে বাইরে থাকা ফ্যাসিবাদের দোসরদের উদ্দেশ্যে নিজের ডানহাতের মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন হাসনাত আবদুল্লাহ। ঠিক ওই মুহূর্তেই বাইরে থাকা কারো ক্যামেরায় দৃশ্যটি ধারণ করা হয়, যা পরবর্তীতে ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর নেটিজেন এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হাসনাত আবদুল্লাহর এই ক্ষুব্ধ ও প্রতিবাদী রূপকে ‘ফ্যাসিবিরোধী ও স্বৈরাচারের দালালের মুখে সাহসী জবাব’ হিসেবে দেখছেন তাঁর কোটি সমর্থক, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, "লন্ডনে বসে যারা এখনো স্বৈরাচারের দালালি করছে, তাদের এর চেয়ে উত্তম ও যোগ্য জবাব আর হতে পারে না।"

তবে বিপরীত মেরুতে থাকা আওয়ামী সমর্থকরা এই আচরণের তীব্র সমালোচনা করে এটিকে একজন সংসদ সদস্যের জন্য 'অশোভন' ও 'কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত' বলে দাবি করছেন।

এ দিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনা এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির বিষয়ে এখন পর্যন্ত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Link copied!