শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম

1697

ইসহাক সরকার,আলাউদ্দীন মোহাম্মদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তার আগমনের পর দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন আসছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পদে দায়িত্ব নিতে পারেন ইসহাক সরকার। বর্তমানে এই পদে থাকা যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এনসিপির একটি কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার নতুন এই রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন।
ইসহাক সরকার অতীতে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার একটি আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উল্লেখযোগ্য ভোট পান। বিগত সরকারের সময় তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন বলেও জানা যায়।
অন্যদিকে পদত্যাগের বিষয়ে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিনি পদ ছাড়ছেন। এনসিপির সাংগঠনিক বিস্তৃতি ও ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একই সঙ্গে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
এদিকে ইসহাক সরকার এনসিপিতে যোগদানের বিষয়ে বলেন, রাজনৈতিক কারণে তিনি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়েছেন। মানুষের সেবা করার সুযোগ না পাওয়ার অভিযোগ করে তিনি নতুন দলে কাজ করার আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কোনো ধরনের বিদ্বেষ না রেখে তিনি সামনে এগিয়ে যেতে চান এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Link copied!