প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
1688
০৬ মে ২০২৬, ০৩:৪৮ এএম
ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়িদ আল-শুহাদা (কেএসএস)-এর শীর্ষ নেতা হাশিম ফিনইয়ান রহিম আল সারাজি, যিনি আবু আলা আল ওয়ালাই নামেও পরিচিত—তার অবস্থান বা কর্মকাণ্ড সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু আলা আল ওয়ালাই ইরাক ও সিরিয়ায় মার্কিন স্বার্থ ও স্থাপনাগুলোর ওপর হামলার সঙ্গে জড়িত একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন। কেএসএস-এর বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা, মার্কিন দূতাবাসে হামলা এবং বিভিন্ন বিদেশি তেলক্ষেত্র ও অবকাঠামোতে আক্রমণের অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, কেবল আর্থিক পুরস্কারই নয়, তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুনর্বাসন এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
প্রতিবেদনে বলা হয়, কেএসএস ইরাকের রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত একটি শিয়া জোটের অংশ হিসেবে সক্রিয় রয়েছে। গোষ্ঠীটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আবু আলা আল ওয়ালাইয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এসব হামলার পরিকল্পনা ও নির্দেশনা প্রদান করেছেন।
ইরাক দীর্ঘদিন ধরে শিয়া-সুন্নি সংঘাতে অস্থিতিশীল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছিল। তবে আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতের প্রভাবে দেশটির নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।