মঙ্গলবার ২৬, মে ২০২৬

২৬ মে ২০২৬, ০১:৪৪ এএম

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করার তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:১৭ এএম

1704

বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এ সভায় উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এলজিইডির আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রমে আরও গতি আনার নির্দেশনা দেন।

সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি, কাজের গুণগত মান নিশ্চিতকরণ, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম সময়মতো শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

মন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। টেকসই ও জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সরাসরি জনগণের কাছে পৌঁছে যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা সরাসরি ও ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

Link copied!