সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ১২:২৩ পিএম

 ঈদের দিন দেশের ৫ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১১:১৯ এএম

1695

দেশজুড়ে চলমান তীব্র গরম ও ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক তখনই আগামী বৃহস্পতিবার (২৮ মে) পালিত হতে যাওয়া পবিত্র ঈদুল আজহার দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিন দেশের অন্তত পাঁচটি বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে ঈদের দিন সকালে কোরবানির আনুষ্ঠানিকতা ও ঈদ জামাত আদায়ের ক্ষেত্রে বৃষ্টির বাগড়া থাকার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ৫ দিনের বিশেষ আবহাওয়া বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ঈদের দিন (২৮ মে) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে এই সময়ে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে শুরু করে ভারি বর্ষণের শঙ্কা রয়েছে। বৃষ্টির এই প্রভাবে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সোমবার (২৫ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে আজ উত্তর ও পূর্বাঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

তবে উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির এই পূর্বাভাসের মধ্যেও দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে তীব্র গরম অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে— ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ সামগ্রিক খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর ফলে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ঈদের দিনও বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের তীব্র অস্বস্তি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

Link copied!