প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১২:০৮ পিএম
1700
২৬ মে ২০২৬, ০৩:৫১ পিএম
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ দল
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শুরুতেই চাপে পড়ে গেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্রুত তিনটি উইকেট হারায় স্বাগতিকরা।
ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম টেস্টের মতো এই ম্যাচেও ব্যাট হাতে হতাশ করেন এই ওপেনার।
এরপর অভিষেক ম্যাচ খেলতে নামা তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৪ বলে ২৬ রান করা এই বাঁহাতি ব্যাটারকে ফিরতি ক্যাচে আউট করেন মোহাম্মদ আব্বাস। পরে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হকও।
দ্রুত তিন উইকেট হারিয়ে ৬৩ রানে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলকে সামাল দেওয়ার দায়িত্ব নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। নাজমুল হোসেন শান্ত ২৩ রানে এবং মুশফিকুর রহিম ১ রানে অপরাজিত ছিলেন।
প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও ইবাদত হোসেনের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান এবং বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তানও তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদির জায়গায় খেলছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় বাংলাদেশ। সেই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান ১৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টি ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
শান মাসুদ (অধিনায়ক), আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, বাবর আজম, সাজিদ খান, খুররম শেহজাদ, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।