প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:১৩ পিএম
1693
২৬ মে ২০২৬, ০৩:৫১ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে নতুন করে রিট আবেদন করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ মোট ১২ জন এই রিট দায়ের করেছেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার দায়ের করা এ রিটে আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক জাতীয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ ইকবাল এবং খালেদ মাসুদ পাইলট।
এর আগে একই বিষয়ে দায়ের করা একটি রিট গত ১১ মে খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।
পরে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানিয়েছিলেন, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল বিসিবির ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়েছিল। সেই রিটে এডহক কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল তিন মাসের জন্য নতুন এডহক কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই এডহক কমিটি গঠন করা হয়েছে। সাময়িকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে এই কমিটি।
ক্রিকেট অঙ্গনে এডহক কমিটি গঠন নিয়ে আলোচনা ও বিতর্কের মধ্যেই নতুন এই রিটকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এখন এ বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।