সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০২:৩৪ পিএম

বিকেলে দল ছাড়ার ঘোষণা, রাতেই এনসিপি নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১০:৩৯ এএম

1694

এনসিপির বহিষ্কৃত নেতা সর্দার আমিরুল ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার (১৭ মে) রাতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর কয়েক ঘণ্টা আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সঙ্গে আর সম্পৃক্ত না থাকার ঘোষণা দিয়েছিলেন।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ সর্দার আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তাকে সতর্কও করা হয়। তবে নোটিশ ও সতর্কতার পরও তিনি পুনরায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এর আগে রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির সঙ্গে আর না থাকার কথা জানান আমিরুল। পোস্টে তিনি উল্লেখ করেন, গত বছরের জুন মাসে দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তিনি দলটিকে মধ্যপন্থি রাজনীতির নতুন শক্তি হিসেবে দেখেছিলেন বলেও জানান।

তবে নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত তার রাজনৈতিক উৎসাহ কমিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি। যদিও শুরুতে এটিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে দলীয় কার্যক্রম চালিয়ে যান।

আমিরুল আরও লেখেন, নির্বাচন পরবর্তী সময়েও দলে ডানপন্থার প্রভাব বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন। এ কারণে গত দুই মাস তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলেন এবং দলের শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্রও জমা দেন। তবে সেই পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছিল বলেও জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, যে আদর্শ ও প্রতিশ্রুতির কারণে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন, বর্তমান দলীয় কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। দলীয় রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতপার্থক্য ক্রমেই বেড়ে যাওয়ায় তার পক্ষে দলে থাকা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

Link copied!