প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:১১ এএম
1694
২৫ মে ২০২৬, ০২:৩৪ পিএম
রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, অপ্রমাণিত ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে দলটি।
রোববার দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে দলটি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, আদর্শিক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। পাশাপাশি সহিংসতার রাজনীতিতেও বিশ্বাস করে না বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে কবি ও চিন্তক ফরহাদ মজহার–এর দেওয়া বক্তব্যেরও সমালোচনা করা হয়। জামায়াতের দাবি, কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটি রাজনৈতিক দলকে দায়ী করা দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না।
দলটির পক্ষ থেকে বলা হয়, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে। তাই কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে মন্তব্য করার আগে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী সবসময় শান্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং আইনের শাসনে বিশ্বাসী। একই সঙ্গে শাহ আলী মাজারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।