প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:০৩ পিএম
1696
২৬ মে ২০২৬, ০২:১১ এএম
ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভায় বক্তব্য দিচ্ছেন পুলিশ কমিশনার
আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানীতে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সভায় ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৮ মে) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও নগর সবার সম্পদ। তাই শহরকে সচল, নিরাপদ ও সুন্দর রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ঈদকে সামনে রেখে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত যাত্রী বহন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি ঈদের সময় সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ কমাতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করারও তাগিদ দেন ডিএমপি কমিশনার।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নেওয়া প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।
পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। আলোচনায় রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, গণপরিবহন ব্যবস্থাপনা, টার্মিনাল ও লঞ্চঘাটে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি, টহল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।