প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:২০ পিএম
1698
২৬ মে ২০২৬, ১২:৪৮ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম, গাফিলতি ও মানহীনতা রোধে বিদ্যালয়ভিত্তিক পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন এ কমিটিতে অভিভাবক মায়েদের সম্পৃক্ত করে খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
সভায় মিড-ডে মিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে। পূর্বানুমোদন ছাড়া প্যাকেজিং বা খাদ্যের মানে কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।
সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কিছু শর্তও আরোপ করা হয়েছে। খাদ্য সরবরাহকারী চালক এবং জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে। পাশাপাশি সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদার নিয়োগের সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।
মিড-ডে মিলের গুণগতমান বজায় রাখতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি মাসে অন্তত দুইবার আকস্মিক কারখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয় পর্যায়ে গঠিতব্য পাঁচ সদস্যের গার্ডিয়ান কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা অন্তর্ভুক্ত থাকবেন। এই কমিটি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা, খাবারের মান ও সার্বিক কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করবে।
সভায় আরও জানানো হয়, মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড তদন্তে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগগুলো দ্রুত যাচাই-বাছাই করে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিল প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।