প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:১১ পিএম
1693
২৬ মে ২০২৬, ০৩:৫৩ এএম
রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় অঙ্কের নগদ টাকা ছিনতাইয়ের ঝুঁকি এড়াতে ডিজিটাল বা ‘ক্যাশলেস লেনদেন’ করার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। আজ রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীর অন্যতম প্রধান গাবতলী পশুর হাট ও গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। র্যাব মহাপরিচালক জানান, কোরবানি ঈদে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে জনসমাগম কিছুটা কম হওয়ার সুযোগে অপরাধী চক্র যাতে কোনো ধরনের ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য র্যাবের পক্ষ থেকে দেশব্যাপী অত্যন্ত কার্যকরী ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিবরণ দিয়ে মো. আহসান হাবীব পলাশ বলেন, হাটগুলোতে যেকোনো ধরণের ভোগান্তি ও জালিয়াতি রোধে সার্বক্ষণিক নজরদারির জন্য র্যাবের অস্থায়ী কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নগদ বিপুল পরিমাণ টাকা পকেটে নিয়ে ঘোরার ঝুঁকি পরিহার করতে কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ‘ক্যাশলেস’ মূল্য পরিশোধে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পশুবাহী যানবাহন যেন পথে কোনো প্রকার চাঁদাবাজির শিকার না হয় কিংবা কেউ যেন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে তা নামাতে বাধ্য করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। নিরাপদে গবাদি পশু হাটে পৌঁছানো নিশ্চিত করতে র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় রোবাস্ট পেট্রোলিং (তীব্র টহল) পরিচালনা করছে এবং মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
র্যাব ডিজি আরও উল্লেখ করেন, কোরবানির হাটে প্রতারক চক্র রুখতে এবং জাল টাকা শনাক্ত করতে র্যাবের বুথ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি জাল টাকা তৈরি ও কারবারিদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান সচল রয়েছে। শুধু হাটের মাঠেই নয়, সাইবার জগতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে; বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানিকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাবের সাইবার টিম ২৪ ঘণ্টা মনিটরিং করছে এবং অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে র্যাব প্রধান গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাধারণ যাত্রী এবং বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলে ঈদ যাত্রার নানা সমস্যার কথা শোনেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের কড়া নির্দেশনা দেন। পরিদর্শনের সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।