শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৭:৩৪ এএম

আজ পবিত্র শবে মেরাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:১২ এএম

1689

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ পালিত হচ্ছে। ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই রাতটি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে উদযাপন করবেন।

শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক অনন্য ও স্মরণীয় অধ্যায়। এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। আল্লাহ তায়ালার নির্দেশ নিয়ে এ রাতেই প্রিয় নবী (সা.) মানবজাতির কাছে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের বিধান পৌঁছে দেন।

ইসলামের বর্ণনা অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস, অর্থাৎ মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই অলৌকিক সফরকে ‘ইসরা’ বলা হয়।

এরপর তিনি ‘বুরাক’ নামের বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে আরোহণ করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এই সফরে তাঁর সঙ্গী ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল (আ.)। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, জান্নাতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতকেন্দ্র বায়তুল মা’মুরসহ নানা নিদর্শন প্রত্যক্ষ করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্যে পৌঁছান।

এই পবিত্র রাতকে কেন্দ্র করে মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ নিজ ঘরে ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করবেন।

Link copied!