শনিবার ৩০, মে ২০২৬

৩০ মে ২০২৬, ১১:৪৫ পিএম

বিএফডিএস এর স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম

1728

স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে রাজধানী ঢাকার ধানমন্ডিতে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (বিএফডিএস)। দেশের ডেন্টাল চিকিৎসকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মৌখিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ডেন্টাল চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিকসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বিএফডিএস-এর সভাপতি রকিবুল হোসেন রুমি বলেন, বাংলাদেশের ডেন্টাল চিকিৎসা ব্যবস্থা এখন অনেক আধুনিক ও উন্নত হয়েছে। ফলে মুখ ও দাঁতের চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে এসেছে। দেশের ডেন্টাল চিকিৎসকরা আধুনিক প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দিতে সক্ষম হচ্ছেন।

সংগঠনের মহাসচিব মোঃ আসাফুজ্জোহা রাজ তার বক্তব্যে বলেন, মাত্র আট বছরের পথচলায় বিএফডিএস ডেন্টাল পেশার উন্নয়নে নানা ধরনের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও আয়োজন করেছে। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের নতুন উদ্যোগ ‘নিরাময়–৩’ দেশের মানুষের মুখ ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক সাজেদুল আসিফ–এর সঞ্চালনায় মানসিক স্বাস্থ্য এবং শিশুদের মৌখিক স্বাস্থ্যসেবার ওপর একটি ব্যতিক্রমধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক ডেন্টাল চিকিৎসক অংশ নেন এবং আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হন।

অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে অমুসলিম পরিবার থেকে ইসলাম গ্রহণ করে কোরআনে হাফেজ হওয়া পাঁচজন ব্যক্তিকে ঈদ উপহার প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Link copied!