বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৯:২১ পিএম

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে নতুন রেকর্ড: এক দিনে সর্বোচ্চ যান চলাচল ও টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

1718

ফাইল ছবি পদ্মা সেতু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ দুই সেতু পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে এক দিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ মার্চ) সকালে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদযাত্রার প্রথম তিন দিনে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন সেতু দুটি অতিক্রম করেছে। যা আগের বছরের একই সময়ে ছিল ১ লাখ ৮০২টি। একই সময়ে ২০২৬ সালে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যেখানে ২০২৫ সালে আদায়ের পরিমাণ ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, যমুনা সেতুতে ২০২৬ সালের ১৮ মার্চ এক দিনেই সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৩৬৮টি। একই দিনে টোল আদায়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও চলতি বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। এতে সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতার প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ঈদ উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে ছিল টোল আদায়কারীদের প্রশিক্ষণ ও দক্ষ জনবল নিয়োগ, সার্বক্ষণিক টোল লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য আলাদা লেন বৃদ্ধি, নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, মাওয়া ও এলেঙ্গা বাস-বে উন্মুক্ত করা এবং উন্নত সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে ট্রাফিক পর্যবেক্ষণ।

এছাড়া উচ্চপর্যায়ের মনিটরিং টিম গঠন, দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা, যাত্রীদের জন্য জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান, সেতুর প্রতি ৫০০ মিটার পরপর নিরাপত্তাকর্মী মোতায়েন, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ভারী রেকার প্রস্তুত রাখা এবং ইমার্জেন্সি টোল লেন চালু রাখা হয়। যাত্রীদের সুবিধার্থে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়েছে।

Link copied!